পলিটেকনিকে ক্লাস ও ল্যাব সংকট, শিক্ষার্থীদের অভিযোগ শুনলেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

জাতীয়

পলিটেকনিকে ক্লাস ও ল্যাব সংকট, শিক্ষার্থীদের অভিযোগ শুনলেন শিক্ষামন্ত্রী

প্রতিদিনের দেশ ডেস্ক :

নিয়মিত ক্লাস না হওয়া, হাতে-কলমে শিক্ষার অভাব এবং পুরোনো ল্যাব সরঞ্জামের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।১১ এপ্রিল শনিবার সকালে প্রতিষ্ঠানটিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে এসব সমস্যা তুলে ধরা হয়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নিহাল উদ্দীন সরকার বলেন, নিয়মিত ক্লাস না হওয়ায় প্র্যাকটিক্যাল শিক্ষায় বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। বিষয়গুলো ঠিকমতো বোঝার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিভাগের শিক্ষক মাশফিকুর রহমান জানান, ১৯৬৩ সালে নির্মিত পুরোনো ভবনে ক্লাস ও ল্যাব পরিচালনা করতে হচ্ছে। প্রয়োজনীয় মেশিনারিজ ও আধুনিক সুবিধা না থাকায় কার্যকরভাবে পাঠদান সম্ভব হচ্ছে না।

অষ্টম সেমিস্টারের শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, নির্ধারিতভাবে শিল্পপ্রতিষ্ঠানে পাঠানো হয় না এবং ভালো প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ সীমিত। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, অনেক শিল্পপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিতে অনাগ্রহ দেখায়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকারের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর চুক্তি রয়েছে এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সামনে পরীক্ষা—সমস্যা সমাধানে সবাইকে দায়িত্ব নিতে হবে।

কারিগরি শিক্ষার উন্নয়নে সমস্যা চিহ্নিত করে প্রকল্প গ্রহণের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে এক শিক্ষক জানান, পলিটেকনিকের প্রায় ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। এছাড়া সাত বছর ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেন ১৯ জন শিক্ষক। তাদের পুনঃপরীক্ষার মাধ্যমে আত্তীকরণের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।