দেশে হামের উপসর্গে চার জেলায় চার শিশুর মৃত্যু
প্রতিদিনের দেশ রিপোর্ট :
দেশের চার জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে এসব মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের অধিকাংশই নিয়মিত টিকা নেয়নি।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাদালিয়া এলাকার শিশুটি আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে আর্থিক সংকটের কারণে পরিবার তা করতে পারেনি। শুক্রবার ভোরে শিশুটি মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, শিশুটি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে নমুনা পরীক্ষা করা হবে। জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬ জন রোগী।
ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবে গ্রামীণ এলাকায় শিশুদের ঝুঁকি বাড়ছে।
এদিকে টাঙ্গাইলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ এপ্রিল রোববার থেকে সারা দেশে বিশেষ হাম টিকাদান কর্মসূচি চালু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এ কর্মসূচির আওতায় টিকা পাবে। চিকিৎসকেরা শিশুদের জ্বর বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন।