সৌদি থেকে বিকল্প পথে ১ লাখ টন জ্বালানী তেল চট্টগ্রামে আমদানি
প্রতিদিনের দেশ ডেস্ক :
হরমুজ প্রণালিকে ঘিরে জাহাজ চলাচলের জটিলতার মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ধাপে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আনা হচ্ছে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে।
জানা গেছে, তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করবে এবং সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে সরবরাহ ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বর্তমানে হরমুজ প্রণালি এলাকায় আটকে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের অনুমোদন না পাওয়ায় বাংলাদেশমুখী যাত্রা শুরু করতে পারেনি।
বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে, নতুন চালানসহ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এসব তেল পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন আমদানির ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতির ওপর বিদ্যমান চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।