সংবাদ শিরোনাম

রাজধানীতে সবজির বেড়েছে দর, মুরগির দামও উর্ধ্বগতি

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন   |   জাতীয়

রাজধানীতে সবজির বেড়েছে  দর, মুরগির দামও উর্ধ্বগতি

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর বাজারে যেন এক ধরনের অস্থিরতা। ঈদের আনন্দ শেষ হতে না হতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ধাক্কায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। বেড়েছে মাছ, মাংসসহ সবধরনের সবজির দাম। বাজারে ঢুকলেই চোখে পড়ে হতাশা—ক্রেতা ও বিক্রেতা উভয়েরই

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা আর বৈশ্বিক জ্বালানি সংকটের ঢেউ এসে লেগেছে দেশের বাজারে। সরবরাহ কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই ঊর্ধ্বমুখী।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এ তথ্য।

মূলত, রোজার ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার। তবে তা আর সপ্তাহখানেকের বেশি টেকেনি না। ফের চড়তে শুরু করেছে দাম। প্রায় সবরকম সবজিতেই কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

ক’দিন আগেও বেগুন, শিম, পটল মিলছিল ৬০ টাকাতেই। এখন তার দাম হাঁকা হচ্ছে ৮০ টাকা। ঢেঁড়স আর বরবটি ছুঁয়েছে সেঞ্চুরির ঘর। করলা, ঝিঙ্গা আর চিচিঙ্গা ১২০। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি শেষে ক্রেতা সমাগম বেড়েছে রাজধানীতে। তারই প্রভাব পড়েছে বাজারদরে।

এদিকে, সরবরাহ সংকটে একলাফে অনেকটা বেড়েছে সোনালি আর দেশি মুরগির দাম। সোনালি কিনতে গুণতে হচ্ছে ৪৪০ টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম চাওয়া হচ্ছে সাড়ে সাতশ থেকে ৮০০ টাকা। তবে, ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকাতে।

বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটে মুরগির সরবরাহ কমেছে। অন্যদিকে ফিডের খরচ আর ব্যবসায় লোকসানে অনেক খামারি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারই প্রভাব পড়েছে উৎপাদনে।

ক্রেতারা বলছেন উচ্চ মূল্যস্ফীতির সময়, বাজারদর বৃদ্ধি মানেই সীমিত আয়ের মানুষের ওপর চাপ। জ্বালানি সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি সকলের।