সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে দুর্ঘটনা, নিহত ৩
প্রতিদিনের দেশ ডেস্ক :
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড় নলকা এলাকায় বাসের চাকা ফেটে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় থানা পুলিশের তথ্যানুযায়ী, শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা খেয়ে আটকে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ওসি আমিরুল ইসলাম জানান, আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারে কাজ চলছে।