সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর
ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ):
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে চট্টগ্রামের উত্তর কাট্টলীস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
আজ ভোর ৬টা ২৫ মিনিটে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি শহিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা দিবসে আমাদের মূল লক্ষ্য হলো শহিদদের স্বপ্নের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা। সরকারের উন্নয়ন পরিকল্পনাসমূহ বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, মহান স্বাধীনতার এই দিনে আমাদের অঙ্গীকার হোক, দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ঘোষিত রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের নতুন এক রূপরেখা আপনাদের সামনে উপহার হিসেবে দিয়েছেন। এই রূপরেখা বাস্তবায়নে এবং দেশের প্রকৃত গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ-সকলকে অগ্রণী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনকালে উত্তর কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধের শান্ত প্রাঙ্গণ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।