জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন   |   জাতীয়

জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

প্রতিদিনের দেশ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে।

একই দিনে সংসদের হুইপ হিসেবে আরও ছয়জন সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। ঘোষিত ফলাফলে দলটি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ সম্পন্ন হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ দেবেন। অধিবেশন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনে।