প্রধানমন্ত্রীর নির্দেশে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন   |   জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

প্রতিদিনের দেশ ডেস্ক :

রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুলছাত্রকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনার পর বিকেলে তাকে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্র আফফান সাঈদ (নবম শ্রেণি), খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর শিক্ষার্থী। তার বাবা খন্দকার শামীম আহমেদ সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারী।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর আফফানকে চার থেকে পাঁচজন ব্যক্তি জোর করে তুলে নিয়ে যায়। তাকে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে আটকে রেখে মারধর করা হয়। পরে অপহরণকারীরা তার বাবার কাছে প্রথমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছু সময় পর সেই অঙ্ক কমিয়ে ৩০ হাজার এবং পরে ১০ হাজার টাকায় রাজি হয়। একই সঙ্গে পুলিশকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, পুলিশ কৌশল অবলম্বন করে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ রাখে এবং অবস্থান নিশ্চিত করে। বিকেলে ভবনটি ঘেরাও করে অভিযান চালানো হলে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে ছাত্রটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

এদিকে, অপহরণের পর শিশুটির বাবা প্রধানমন্ত্রীর দফতরে গেলে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর। তিনি দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

উদ্ধারের পর আফফান সাঈদকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।