সংবাদ শিরোনাম

বেকারত্ব দূর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে -- উপদেষ্টা আসিফ মাহমুদ

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন   |   জাতীয়

বেকারত্ব দূর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়  কাজ করছে   -- উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। কিন্তু এখনো বেকারত্বের হার খুব একটা পরিবর্তন হয়নি। বেকারত্ব দূর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সম্মেলনকক্ষে আয়োজিত ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য গৃহীত পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, যুব উদ্যোক্তা ঋণের সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে কাজ করা হচ্ছে। যার ফলে যেকোনো স্টার্টআপ শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি উপকৃত হতে পারে। যুব উদ্যোক্তাদের জন্য আমরা উদ্যোক্তা ঋণ প্রদান করে থাকি। এই ঋণের সিলিং দুই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা করা হয়েছে। ভবিষ্যতে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ উপদেষ্টা পরিষদ হতে অনুমোদন পেয়েছে, এটি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সামনে এলডিসি গ্র্যাজুয়েশনে অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে ভবিষ্যতে ভালো করা সম্ভব হবে না। বাস্তবতা যা আছে, তাতে আমাদের উদ্যোক্তাদের সহায়তা করতেই হবে।

কর্মশালায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম সেভাবে তৈরি করা হয়নি। আমরা স্টার্টআপ তৈরির কাজের চেষ্টা করছি। এই কাজ স্কুল পর্যায় থেকেই শুরু করতে হবে। আমাদের পাইপলাইন তৈরি করতে হবে। মফস্বলে যারা আছে, তাদেরও সেই পাইপলাইনে রাখতে হবে। সেগমেন্ট করে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।