মডেল মসজিদ পর্যটন শিল্পের বিকাশে নতুন মাত্রা যোগ করবে----ধর্ম উপদেষ্টা
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পর্যটন নগরী বান্দরবানে ইসলামের আদর্শ, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশে ‘জেলা মডেল মসজিদ’ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
উপদেষ্টা আজ বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মসজিদ কমপ্লেক্সকে ঘিরে নানামুখী ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সুবিশাল এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থা-সহ নারী ও পুরুষদের আলাদা ওজু এবং নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামি দাওয়াতের জন্য সম্মেলনকক্ষ-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান, ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো: শহিদুল আলম, জেলা প্রশাসক শারমিন আরা রিনি, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রমুখ।
পরে উপদেষ্টা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় আরেকটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৭ কোটি টাকা।