প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরো মনোযোগী হওয়া উচিত - ফারুক ই আজম ,বীর প্রতীক

অনলাইন ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

জাতীয়

প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরো মনোযোগী হওয়া উচিত   - ফারুক ই আজম ,বীর প্রতীক

চট্টগ্রাম, ১৬ কার্তিক  (১ নভেম্বর):

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরো মনোযোগী হওয়া উচিত। প্রবীণরা উপেক্ষিত এবং সমাজে তারা অপাংক্তের মতো থাকতেছে। এর দায় আমাদেরকেই নিতে হবে, কারণ এই রাষ্ট্র, এই সমাজ আমরাই তৈরি করেছি।

তিনি গতকাল চট্টগ্রামের চিটাগাং সিনিয়রস ক্লাবে ‘দ্য সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে অবসরের পর অনেকেই নিজের সমাজ ও পরিবার থেকেও পরিত্যক্ত হয়ে যান। এটা উচিত নয়, মন্তব্য করে তিনি বলেন, এই পরিস্থিতির উত্তরণের জন্য আপনারা সংঘবদ্ধ হয়েছেন, একটি প্লাটফরম তৈরি করেছেন। যার মাধ্যমে প্রবীণদের জন্য সুন্দর সমাজ গঠনে আওয়াজ তুলতে পারবেন। 

ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, আমাদের সমাজে ভিলেনরা সব নায়ক হয়েছিল। সে সমস্ত কালো অধ্যায় যাতে আর না আসে, সেই পদক্ষেপ নিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ এবং সবার কাছে বাসযোগ্য সমাজ উপহার দিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমাদের যত বিভেদ আছে সব মিটিয়ে ফেলতে হবে। সামাজিক মেলবন্ধন তৈরি করতে হবে। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে দুইজন ছাড়া আর সকলেই প্রবীণ। জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্ব নিয়েছি। এই দায়িত্বে এসে হিমালয় পর্বত প্রমাণ যে বোঝা আমাদের বহন করতে হচ্ছে তা থেকে পরিত্রাণের জন্য সকল উপদেষ্টাই প্রতিদিন উদগ্রিব। 

অনুষ্ঠানের সভাপতি দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, বয়স একটি সংখ্যা মাত্র। আমরা অনুভব করি আমাদের অন্তরে, আমি কতটুকু আছি। আমি কি করতে চাই, কতুটুক করতে চাই। আমরা সবই করতে পারি, তবে তার জন্য চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করবো যাতে আমরা মনের দিক থেকে বুড়িয়ে না যাই।