সংবাদ শিরোনাম

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তিশালী, বাংলাদেশের সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন   |   জাতীয়

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তিশালী, বাংলাদেশের সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৫

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরো ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় এটি ১৪.৬° উত্তর অক্ষাংশ ও ৮৩.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।

সে সময় ঘূর্ণিঝড় কেন্দ্রটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (সোমবার) সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত প্রদর্শন অব্যাহত রাখতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।