খুলনায় পৃথক অভিযানে ৪ টি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২
খুলনা ব্যুরো:
খুলনায় পৃথক অভিযানে চারটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব ঘটনায় যশোরের এক যুবককে আটক করা হয়েছে। অপর ঘটনায় লবণচরা থানার জোড়া হত্যা মামলার আসামি আওয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল নগরের লবণচরা থানা ও সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড়ে পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের ২২ নম্বর বাড়িতে অভিযান চালায়।
অভিযানে যশোর কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক রিফাত তালুকদার যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিবির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রিফাতের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, লবণচরা থানার জোড়া হত্যা মামলার আসামি আওয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলির একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লবণচরার আশিবিঘা এলাকায় সংঘটিত জোড়া হত্যা মামলায় সম্প্রতি আওয়ালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কাছে অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে আল আকসা জামে মসজিদ গলিতে আবদুল জালাল হাওলাদারের বাড়ির পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালানো হয়। সেখানে তুষের বস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আওয়ালের দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।#