ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সরঞ্জাম উদ্ধার সহ গ্রেপ্তার ৩
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের নওদা বন্ডবিল কবরস্থানসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটকরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদরের আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)।
অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা দুটি আধুনিক চাইনিজ কুড়াল, একটি লোহার হাঁসুয়া, একটি ব্যাটারিচালিত ভ্যান, প্রায় ২০ হাত নাইলনের রশি এবং একটি সিমেন্টের বস্তা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। প্রাথমিক তদন্তে তাদের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের পাশাপাশি পলাতক ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।