যশোর-নড়াইল মহাসড়কে ৭ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ২
খুলনা ব্যুরো :
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির সদস্যরা যশোর-নড়াইল মহাসড়কের একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয়।
পরে তাদের কাছে থাকা মালামাল তল্লাশি করে মোট ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।