সাতক্ষীরায় দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান তাপপ্রবাহের ঝুঁকি থেকে উপকূলীয় জনগণকে সুরক্ষা দিতে সাতক্ষীরার আশাশুনিতে দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশের প্রথম এ ‘অভিযোজন দুর্গ’-এর উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. বাবলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুল ও brac.net�-এর জলবায়ু পরিবর্তন কর্মসূচির যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বিদ্যমান ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে আধুনিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করে তীব্র তাপপ্রবাহের সময় নিরাপদ আশ্রয়কেন্দ্রে রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
অভিযোজন দুর্গটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে পরিচালিত হবে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও আশ্রয়কেন্দ্রটি সচল থাকবে। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, উন্নত স্যানিটেশন সুবিধা এবং ঝুঁকিপূর্ণ মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। স্থানীয় স্কুল কর্তৃপক্ষ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে এটি পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ধরনের ৫ হাজার অভিযোজন দুর্গ স্থাপন করা সম্ভব হলে প্রায় ১০ লাখ ঝুঁকিপূর্ণ মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।