সোনামসজিদ স্থলবন্দরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মোঃ জালালউদ্দীন রাজশাহী ব্যুরোঃ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টায় পানামা ৪নং গেটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান বলেন, সোনামসজিদ স্থলবন্দরের আয় অতীতে অনিয়মের মাধ্যমে অপচয় হয়েছে। তিনি বিল ভাতিয়া সড়ক পাকাকরণ, মাদকবিরোধী কঠোর অবস্থান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি ড. কেরামত আলী বলেন, শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বন্দরের এলাকায় জরুরি ভিত্তিতে চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ব্যবস্থা এবং ভারত থেকে আসা মাদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল শ্রমিক শোষণ ও সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ আয় আজ থেকে বন্ধ বলে ঘোষণা দেন। তিনি দুর্নীতি দমনে কঠোর অবস্থান, বন্দরের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ এবং সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণের ঘোষণা দেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
অন্যান্য বক্তারা বন্দরে চাঁদাবাজি বন্ধ, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, যানজট নিরসন, ফায়ার সার্ভিস স্থাপন, হাসপাতাল নির্মাণ ও খালি ট্রাক পার্কিংয়ের দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত তিনজন এমপির কাছে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় সর্বস্তরের জনগণ।এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর আবুজার গিফারী, সাবেক এমপি লতিফুর রহমান, শিবগঞ্জ উপজেলা আমীর মাওলানা সাদিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।