চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬
মোঃ আশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে মো. জুনায়েদ আলী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৬ জন। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশা শিবগঞ্জ বাজার যাচ্ছিল।
এ সময় ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশায় থাকা শিশু জুনায়েদ। আহত হয় ৬ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুনজিলা আক্তার জুই জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভটভটিটি জব্দ আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় পুলিশ।