সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম,জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

 প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম,জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের জন্য ভিজিএফের প্রায় দুই শতাধিক কার্ড থাকলেও চাল নেই এমন অভিযোগে স্থানীয় জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্ঠা অবরুদ্ধ করে রাখে চাল বঞ্চিত গ্রামবাসি। 

স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও প্রত্যেককে ২ কেজি করে চাল কম দিয়ে বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে। তবে প্রায় ২ শতাধিক কার্ড অসহায়দের হাতে থাকলেও চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। তাদের অভিযোগ চেয়ারম্যান চাল চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও চাল চুরির বিষয়টি অস্বীকার করে বিতরণে অনিয়ম হওয়ার কারণে চাল সংকট হয়েছে জানান ইউপি চেয়ারম্যান।

জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম বলেন,ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ জামায়াত সমর্থিত হলেও দলীয় কোন পদ নেই। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।