কুয়েটে শুরু ৭ম আন্তর্জাতিক ইআইসিটি-২০২৫ সম্মেলন
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (EICT-2025)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের আয়োজনে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এমসিআইপিএস (সিএস)। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কুয়েটের এই আয়োজন তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের চিফ প্যাট্রন ও কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, বৈশ্বিক প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গবেষণার কোনো বিকল্প নেই। এই সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্রগুলোর ফলাফল দেশের শিল্পখাতের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। সম্মেলনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম এবং কনফারেন্স চেয়ারম্যান হিসেবে রয়েছেন ইইই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। অর্গানাইজিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিএসই বিভাগের অধ্যাপক ড. কাজী মো. রকিবুল আলম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ ইমরান হোসেন।
১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলমান এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ইলেকট্রিক্যাল ও আইসিটি খাতের আধুনিক গবেষণা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। আইইইই-এর সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১৫টি দেশ থেকে জমা পড়া ১,০৪২টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাইকৃত ১৪২টি টেকনিক্যাল পেপার ২৫টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হবে।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, কানাডা, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং দেশি-বিদেশি গবেষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনস অ্যান্ড কনস্যুলার অ্যাফেয়ার্স) এম. ফরহাদুল ইসলাম।