সংবাদ শিরোনাম

ভেজাল ও বিষাক্ত খাবারের বিরুদ্ধে অভিযানে ২ রেস্তোরাঁকে জরিমানা

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন   |   জেলার খবর

ভেজাল ও বিষাক্ত খাবারের বিরুদ্ধে  অভিযানে ২ রেস্তোরাঁকে জরিমানা

প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :

১৪ ডিসেম্বর রবিবার রাতে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল প্রশাসন ভেজাল ও বিষাক্ত খাবার পরিবেশনের অভিযোগে দুই রেস্তোরাঁর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে। অভিযানে দেখা গেছে, দীর্ঘদিন ধরে ওই রেস্তোরাঁগুলো অস্বাস্থ্যকর এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর খাবার প্রস্তুত করছিল।

বিএসটিআইয়ের লাইসেন্সের শর্ত অমান্য, পোড়া তেল ব্যবহার এবং নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণের প্রমাণে হুমাহুম ও খাবার বাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। রেস্তোরাঁ মালিকদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল। অভিযানে সহায়তা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা সিভিল সার্জন অফিস, বিএসটিআই, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা জানান, মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে খেলা করা মানে জনস্বাস্থ্যের সঙ্গে আপোষ নয়। সচেতন মহলের মতে, এই অভিযান শুধু জরিমানা নয়, ভেজাল খাদ্যকারবারিদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা।