নারীদের ইসলামী ও আধুনিক শিক্ষা প্রসারে শরীফা বেগম মহিলা দাখিল মাদ্রাসায় ভর্তি চলছে
কুমিল্লা প্রতিনিধি:
প্রত্যন্ত অঞ্চলের নারীদের জন্য পৃথক ভাবে ইসলামী ও আধুনিক শিক্ষা বিস্তারের জন্য শরীফা বেগম মহিলা দাখিল মাদ্রাসায় বিনা বেতনে ভর্তি করানো হচ্ছে। ২০২৩ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা কাজী বাড়িতে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন আমেরিকা প্রবাসী কাজী নূর মোহাম্মদ (বি.এ)। ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে মহিলা মাদ্রাসাটির উদ্বোধন করেন সোনাকান্দা দরবার শরীফের পীর ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ মাহমুদুর রহমান পীর সাহেব।
মাদ্রাসাটি প্রায় ৮৪ শতক জায়গায় অবস্থিত টিনশেড চালের ১১টি শ্রেণী কক্ষ এবং ২টি শিক্ষকদের অফিস কক্ষ রয়েছে। ২০২৫ ইং শিক্ষাবর্ষে শিশু শ্রেণী ছাত্রী সংখ্যা ৪৫ জন, প্রথম শ্রেণীতে ৪৫, দ্বিতীয় শ্রেণীতে ৩০, তৃতীয় শ্রেণীতে ২৬, চতুর্থ শ্রেণীতে ২০, পঞ্চম শ্রেণীর ২০, ষষ্ঠ শ্রেণীর ২৪, সপ্তম শ্রেণীর ২০ এবং অষ্টম শ্রেণীতে ২০ জনসহ সর্বমোট ২৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে পড়াশোনা করছেন। প্রতিষ্ঠানে ১৪ জন শিক্ষক এবং অফিস সহায়ক ১ জন ও ১ জন আয়া কর্মরত রয়েছেন। প্রতি বৃহস্পতিবারে ক্লাশ শেষে শিক্ষার্থীদের নিয়ে কোরআন থেকে তেলাওয়াত এবং হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়ে থাকে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী মোঃ হাবিবুর রহমান বলেছেন: যুগপযোগী শিক্ষা কারিকলামে, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় এক অনন্য দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করা হচ্ছে। সরকারি আলিয়া মাদ্রাসার আলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ড পাঠ্যসূচি অনুসরণ করে পাঠদান করা হয়।
প্রতিষ্ঠাতা কাজী নূর মোহাম্মদ জানান: শরীয়ত পর্দা ও সুন্নাতে নবী করীম (সাল্লাল্লাহু আলাই সাল্লাম) এর বাস্তব জীবনী অনুকরণ ও অনুসরণের মাধ্যমে মহিলা (ছাত্রীদের) গড়ে তুলার অনন্য একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা ধারা পাঠদান করানো হয়। মনোরম ও নিরিবিলি পরিবেশের নিজস্ব ভবনে নিরাপত্তা বজায় রেখে পাঠান করা হয়। দরিদ্র ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ ও ভর্তি করানো হয়। ভবিষ্যতে আরো অবকাঠামো উন্নয়ন ও ডিজিটালাইজ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন জানিয়েছেন, এই প্রতিষ্ঠানে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র ছাত্রীদের ভর্তি করানো হচ্ছে। অমনোযোগী ছাত্রীদের নির্দিষ্ট শিক্ষকদের তত্ত্বাবধানে বিশেষভাবে পাঠদান করা হয়। শরীয়ত সম্মত ভাবে খেলাধুলা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হয়।