খুবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
খুলনা ব্যুরো :
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে শোভাযাত্রা শহিদ মিনারে গিয়ে শেষ হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ উপলক্ষ্যে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়। মুখ্য আলোচক ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, জাতির মানসগঠনে বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।
সভাপতিত্ব করেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।