সংবাদ শিরোনাম

ঝিনাইদহে ওড়না জড়িয়ে কলেজছাত্রীর মৃত্যু

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন   |   জেলার খবর

ঝিনাইদহে ওড়না জড়িয়ে কলেজছাত্রীর মৃত্যু

খুলনা ব্যুরো :

ঝিনাইদহে মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে তামান্না ইয়াসমিন (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের পাগলাকানাই ব্যাকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্না ইয়াসমিন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ছাত্রী। তিনি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। পড়াশোনার জন্য তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় একটি মেসে থাকতেন।

পারিবারিক সূত্র জানায়, শনিবার পরীক্ষা শেষে তামান্না বাড়িতে যান। পরে মেস মালিকের মৃত্যুর খবর পেয়ে রবিবার সকালে তিনি বাবার সঙ্গে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরে আসেন। ফেরার পথে পাগলাকানাই ব্যাকা ব্রিজের সামনে একটি আলমসাধু ও ইজিবাইককে সাইড দিতে গেলে তামান্নার গলার ওড়না মোটরসাইকেলের চাকায় জড়িয়ে যায়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তামান্না ও তার বাবা আব্দুল মান্নানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তামান্না ইয়াসমিন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল মান্নান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।