সংবাদ শিরোনাম

খুলনায় প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ৬৯ শতাংশ পৌঁছেছে

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ৬৯ শতাংশ পৌঁছেছে

খুলনা ব্যুরো :

 আগামী শিক্ষাবর্ষের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে পাবেন নতুন পাঠ্যপুস্তক। খুলনা মহানগরী ও নয় উপজেলায় প্রায় ২ লাখ ৯শ’ শিক্ষার্থীর বই ইতোমধ্যেই পৌঁছে গেছে। জেলা পর্যায়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ৮ লাখ ৭১ হাজার, যার মধ্যে ৬ লাখ ৭ হাজার বই পৌঁছেছে।

প্রাক-প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণির বই উপজেলা পর্যায়ে মজুদ হলেও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৩১ শতাংশ বই এখনও পৌঁছায়নি। কর্তৃপক্ষ আশাবাদী, ২০ ডিসেম্বর নাগাদ সব বই শিক্ষার্থীর হাতে পৌঁছাবে। নতুন পাঠ্যপুস্তকের মধ্যে রয়েছে ‘আমার বাংলা বই’, ‘ইংলিশ ফর টুডে’, ‘প্রাথমিক গণিত’, ‘প্রাথমিক বিজ্ঞান’সহ ৩৩টি বই।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, বই সরাসরি বিদ্যালয়ে পৌঁছানো হবে, কোনো উৎসব বা অনুষ্ঠান হবে না। তিনি আরও বলেন, “যে শিক্ষক মূল দায়িত্ব পালনে নিষ্ঠাবান, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা।”

শিক্ষাবর্ষের ছুটি সম্পর্কে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, আগামী শিক্ষাবর্ষে ১৪ দিন ছুটি থাকবে এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসও ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।