হাদির ওপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেন এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানান। তারা এই হামলাকে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন।
বক্তব্যে এম এ সালাম বলেন, গণতন্ত্র ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই হাদির ওপর হামলা চালানো হয়েছে। এটি নির্বাচন বানচালের একটি গভীর ষড়যন্ত্র। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।