সংবাদ শিরোনাম

দৌলতপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

দৌলতপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

খুলনা ব্যুরো :

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। ওই সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়। এতে শান্ত গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তখন তিনটি গুলির শব্দ শুনতে পান।

পরে গুরুতর আহত অবস্থায় শান্তকে বিএসএফ সদস্যরা ভারত সীমান্তের ভেতরে নিয়ে গিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, ঘটনার পর বিষয়টি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার রাতে সীমান্ত এলাকায় শান্তসহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর শান্তকে বিএসএফ হেফাজতে নেওয়া হয় এবং পরে তার মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে শান্তর মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।