সাতক্ষীরায় বাস–ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৭
খুলনা ব্যুরো :
সাতক্ষীরা–খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের কাছে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত এবং সাত যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম মো. শাওন (৩০)। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে। আহতরা হলেন—নাঈম, নজরুল, অমিত, ফারজানা, রফিকুল, মুক্তা ও আলী হায়দার। তাদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি পরিবহনকে পাশ কাটাতে গিয়ে সাতক্ষীরা অভিমুখী বাসটি একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় এবং ইজিবাইকটি দু’ভাগ হয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই হেলপার শাওন নিহত হন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘটনা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত সহ সাতজন বাসযাত্রী আহত হয়েছেন।