ওয়াইফাই তার কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২
খুলনা ব্যুরো :
সাতক্ষীরা সদর উপজেলায় ওয়াইফাই লাইনের তার কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন।
ওয়াইফাই তার কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ভোমরা এলাকার শাখরা গ্রামে সাহেব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) এবং দেবহাটার কোমরপুর গ্রামের শাহীনুর রহমান (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন শাহীনুর রহমান জানান, ভোরে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে তারা কয়েকজন মিলে একজনকে আটক করেন। তখন বাকিরা এসে গুলি সদৃশ বিস্ফোরক ছুড়ে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যায়। এতে তিনি ছাররায় আহত হন। তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার সময় দূর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, ওয়াইফাই ব্যবসার বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। একপক্ষ তার কাটতে গেলে অপরপক্ষ বাধা দেয়। সংঘর্ষের সময় বিস্ফোরক জাতীয় দ্রব্য ব্যবহার করা হয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।