সংবাদ শিরোনাম

শিপন বসুর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ কৃষ্ণ নন্দীর

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন   |   জেলার খবর

শিপন বসুর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ কৃষ্ণ নন্দীর

খুলনা ব্যুরো :

জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপালার প্রার্থী কৃষ্ণ নন্দী অভিযোগ করেছেন, ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসু তাকে মিথ্যাচার, অপপ্রচার এবং জীবননাশের হুমকি দিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন, শিপন বসু ভারতের অবস্থান থেকে তার ব্যক্তিগত মোবাইলে বারবার ফোন করে হুমকি দিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন, “হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।”

কৃষ্ণ নন্দী দাবি করেন, হুমকির পাশাপাশি শিপন বসু অকথ্য ভাষায় গালাগালও করেছেন এবং ধর্মীয় অনুভূতিকে উসকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। তিনি আরও জানান, তার জনপ্রিয়তা ও মনোনয়নকে কেন্দ্র করে একটি মহল AI প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এই প্রচারণা সম্পূর্ণ সাজানো, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি অভিযোগ করেন।

প্রার্থী বলেন, “গত ১ ডিসেম্বর খুলনা বিভাগের ৮ দলীয় সম্মেলনে জামায়াতের আমির ড. শফিকুর রহমান আমাকে দাকোপ-বটিয়াঘাটা (খুলনা-১) আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর পরপরই ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার শুরু হয়। এটি প্রমাণ করে, জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ-স¤প্রদায় নির্বিশেষে সকল নাগরিককে সমানভাবে মূল্য দেয়।”

তিনি আরও বলেন, “আমি কোনো ড্রামকার্ড হিসেবে নির্বাচিত হচ্ছি না। হিন্দুদেরও বাংলাদেশের প্রতিনিধি হওয়া প্রয়োজন। যদি মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠায়, আমি হিন্দু সম্প্রদায়ের পক্ষে কথা বলব এবং তাদের কল্যাণ নিশ্চিত করব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, ডুমুরিয়া উপজেলা সনাতনী কমিটির সভাপতি হরিদাস মন্ডল এবং ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ প্রমুখ।