সংবাদ শিরোনাম

খুলনা ওয়াসায় পিডি নিয়োগে তদ্বিরের অভিযোগ

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা ওয়াসায় পিডি নিয়োগে তদ্বিরের অভিযোগ

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনার ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ–২)’–এর প্রায় ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পে পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগকে কেন্দ্র করে খুলনা ওয়াসায় তদ্বির ও অবৈধ হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। গত ৯ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দেয়।


ওয়াসার বিভিন্ন সূত্রের দাবি—যে প্রকৌশলীর জন্য তদ্বির চলছে তিনি ৬ষ্ঠ গ্রেডের, অথচ পিডি হওয়ার শর্ত ৪র্থ গ্রেডের প্রকৌশলী। তাকে পদোন্নতি দিয়ে পিডি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১০ ডিসেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ কামরুজ্জামান যোগ দেন। এর পরদিন ১১ ডিসেম্বর সকালে বোর্ড সদস্য ইব্রাহিম খলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাস্সুম, খুলনা–১ আসনে এনসিপির প্রার্থী অহিদুজ্জামান, এবং তাদের সহযোগী আলিফ, আরিয়ান, সাব্বির ও সাইম ওয়াসা ভবনে উপস্থিত হন।


ওয়াসার কয়েকজন কর্মকর্তার ভাষ্য—তারা পিডি নিয়োগ ও অন্যান্য বিষয়ে এমডির কাছে চাপ সৃষ্টি করেন। তবে বোর্ড সদস্য ইব্রাহিম খলিল বলেন,

আমরা শুধু নতুন এমডিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেছি। কোনো তদ্বির করা হয়নি।

ওয়াসার কয়েক কর্মকর্তা জানান—১১ ডিসেম্বর দুপুরের আগে ঢাকার আলোচিত সমন্বয়ক নুসরাত তাবাস্সুম–এর নেতৃত্বে পাঁচজন এমডির সঙ্গে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। অভিযোগ রয়েছে—বৈঠকে মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে নির্দিষ্ট এক প্রকৌশলীর ফাইল এগিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমডি মোহাম্মদ কামরুজ্জামান বলেন,“এডিপির শর্ত পূরণের জন্য পিডি নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া আগে থেকেই আলোচনা ছিল। ১১ ডিসেম্বর ওয়াসার কাঠামো অনুযায়ী চারজন প্রকৌশলীর নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে—একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তিনজন নির্বাহী প্রকৌশলী। নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।”চাপ দেওয়ার অভিযোগ বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

ওয়াসায় অস্থিরতা কয়েকজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন—বিতর্কিত বা দলের পরিচয় বদলে সুবিধা নিতে চাওয়া কাউকে নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানে উত্তেজনা তৈরি হতে পারে।পিডি নিয়োগকে কেন্দ্র করে খুলনা ওয়াসায় বর্তমানে গুমোট পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।