খুলনায় সরকারি মামলা পরিচালনায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
উদ্বোধনী বক্তব্যে সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজে আইন জানা অত্যাবশ্যক। সরকারি মামলা পরিচালনা, বাদী-বিবাদীর ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন-বিধিমালা সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।
প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্মসচিব মাহফুজা আখতার, জেলা জজ মোঃ মাসুদ পারভেজ ও উপসচিব তসলিমা নূর হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর এবং খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেন।
খুলনা বিভাগের ১০ জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।