সংবাদ শিরোনাম

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন   |   জেলার খবর

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর):  

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ‘বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর ৭০ বছর পূর্তি’ উদ্যাপন উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:    

“বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘LAB International Conference on Reimagining Librarianship: Forging the Future with Al Technologies’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে জেনে আমি আনন্দিত। বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) একটি প্রাসঙ্গিক ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছে, যা দেশের লাইব্রেরি পেশাজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের গবেষক ও বিশেষজ্ঞদের একত্রিত করছে। এ উপলক্ষ্যে আমি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।

ল্যাব গত সাত দশক ধরে দেশের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশার উন্নয়নে যে নিরলস ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে এই সম্মেলন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

বর্তমান জ্ঞান ও উদ্ভাবনের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি গ্রন্থাগার ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তথ্য সংগঠন, জ্ঞান সংরক্ষণ, তথ্য আহরণ ও ব্যবহার সবক্ষেত্রে AI-নির্ভর প্রযুক্তির সঠিক ও ইতিবাচক প্রয়োগ গ্রন্থাগারসমূহকে আরো আধুনিক, কার্যকর ও ব্যবহারবান্ধব করে তুলতে পারে।

আমি বাংলাদেশ গ্রন্থাগার সমিতি কর্তৃক আয়োজিত সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করি।”