খুলনায় গৃহবধূ খুন, ছেলের জড়িত থাকার আশঙ্কা
খুলনা ব্যুরো :
খুলনা নগরীর ট্যাংক রোড এলাকায় শিউলী বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে রবিউল ইসলামের বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিউলী বেগম ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার স্বামীর নাম মো. সালাউদ্দিন খান। প্রতিবেশীরা জানান, শিউলীর ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহম্মেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।