কয়রায় জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা জামায়াতের অফিসসংলগ্ন মাঠে আয়োজিত এ সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবক্ষয় রোধ, নৈতিক সমাজ গঠন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী মূল্যবোধের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, ন্যায়–ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো ভয়-ভীতি ছাড়া দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি উপস্থিত জনতাকে আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যগণ, বিভিন্ন ইউনিয়নের আমীর, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তব্য রাখেন প্রতাপ সরণি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবী রঞ্জন মণ্ডল, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরবিন্দু মণ্ডল, উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান প্রমুখ।