সংবাদ শিরোনাম

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে বন্দির পলায়ন

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন   |   জেলার খবর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে বন্দির পলায়ন

খুলনা ব্যুরো :

যশোরের পুলেরহাটে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুনসুর শেখ (নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মৃত সোনামিয়া শেখের ছেলে) নামে এক বন্দি পালিয়ে গেছে। ১০ ডিসেম্বর বুধবার দুপুরে নিয়মিত খেলাধুলার সময়ে কৌশলে কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানা এড়িয়ে সে পালিয়ে যায় বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

শিশু উন্নয়ন কেন্দ্র সূত্র জানায়, মুনসুর একটি চুরির মামলার আসামি ছিল এবং আদালতের নির্দেশে তাকে কেন্দ্রটিতে রাখা হয়। দুপুরের ব্যায়াম ও খেলাধুলার সময় হঠাৎ নজর এড়ানোর সুযোগে সে পালিয়ে যায়। পরে বন্দি গণনার সময় একজন অনুপস্থিত পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হয়।

পালানোর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ জানান, পালানো বন্দিকে আটক করতে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশপাশের এলাকা, পরিবহন স্ট্যান্ড ও সম্ভাব্য লুকানোর স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও অনুসন্ধান করা হচ্ছে।