সংবাদ শিরোনাম

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলে আটক

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন   |   জেলার খবর

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলে আটক

খুলনা ব্যুরো :

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকার নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করেছে বন বিভাগ। ৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের কাবলোতলা খালে নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। এসময় দুটি ট্রলার, তিনটি নৌকা, মাছ ধরার জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, আটক জেলেরা অভয়ারণ্য ঘোষিত এলাকাতেই মাছ ধরছিলেন, যেখানে মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে ১০ ডিসেম্বর বুধবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


আটক ব্যক্তিরা হলেন—নূর ইসলাম (৪৩), নয়ন খন্দকার (৩৯), আব্দুর রহিম (৪৩), ফয়সাল বালি (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাওলাদার (৪৫), বেল্লাল তালুকদার (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও রাকিব ইসলাম (২৭)। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী এবং চালিতাবুনিয়া গ্রামে।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, টহল দল মঙ্গলবার বিকেল থেকে অভয়ারণ্য এলাকায় অভিযান পরিচালনা করছিল। ওই সময় নিষিদ্ধ খাল থেকে অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় জেলেদের আটক করা হয়।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, “অভয়ারণ্য এলাকায় মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। আইন অমান্য করায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।