সংবাদ শিরোনাম

ঝিনাইদহ-১ আসনে এনসিপির প্রার্থী লাবাবুল বাসারের নাম ঘোষণা

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন   |   জেলার খবর

ঝিনাইদহ-১ আসনে এনসিপির প্রার্থী লাবাবুল বাসারের নাম ঘোষণা

খুলনা ব্যুরো :

ঝিনাইদহ-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী লাবাবুল বাসার (দয়াল বাসার)-এর নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন দেওয়া হয়।

এনসিপির জেলা কমিটির নেতারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে মোট ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এর অংশ হিসেবে ঝিনাইদহ-১ আসনে লাবাবুল বাসারের নাম চূড়ান্ত করা হয়েছে।

পেশাগত জীবনে সুপ্রিম কোর্টের আইনজীবী লাবাবুল বাসার ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক সেবা ও জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

এ ছাড়া ঝিনাইদহ জেলার বাকি তিনটি আসনেও শিগগিরই প্রার্থী ঘোষণা করবে এনসিপি। তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক কার্যক্রম ও কর্মতৎপরতা যাচাই-বাছাই চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।