খুলনায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর বুধবার দুপুরে খুলনা সিটি ইনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, নীতি ও আইসিটি সদস্য মুহাম্মদ মুবিনুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভ্যাট বাংলাদেশের করব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ করগুলোর একটি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পণ্য বিক্রির সময় ক্রেতাদের ভ্যাট প্রদানে সচেতন করতে হবে এবং সংগৃহীত ভ্যাট নির্ধারিত নিয়মে সময়মতো সরকারের রাজস্বখাতে জমা দিতে হবে। ক্রেতার কাছ থেকে সংগ্রহ করা ভ্যাটকে ব্যবসায়ীর ব্যক্তিগত অর্থ মনে না করে তা জমা দেওয়া ঈমানের অংশ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান, মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান এবং খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার এস. এম. সোহেল রহমান।
স্বাগত বক্তব্য দেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। ভ্যাটদাতা ফজলুর রহমান ও শঙ্কর কর্মকার সেমিনারে বক্তব্য রাখেন।
সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ভ্যাটদাতারা অংশ নেন। ভ্যাট সপ্তাহ চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।