সংবাদ শিরোনাম

চাঁদাবাজ–দুর্নীতিবাজদের প্রতিরোধে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান চরমোনাই পীরের

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁদাবাজ–দুর্নীতিবাজদের প্রতিরোধে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান চরমোনাই পীরের

খুলনা ব্যুরো :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং টেন্ডারবাজদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “অপশক্তিকে রুখে দিয়ে ইসলামকেই রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করতে হবে।” ৯ ডিসেম্বর মঙ্গলবার খুলনার রুপসা উপজেলার পালেরহাট ফুটবল মাঠে ইসলামী আন্দোলনের ওলামা–সুধী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে পীর সাহেব চরমোনাই খুলনাকে “ইসলামের ঘাঁটি” উল্লেখ করে রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে তিনি দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদকে খুলনা–৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন।

বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির ও খুলনা–৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আবদুল আওয়াল বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী মূল্যবোধই একমাত্র পথ। দলের মহাসচিব ও খুলনা–৪ আসনের প্রার্থী অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, “আমরা নির্বাচিত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান এবং চিকিৎসা ও শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, খুলনা–১ আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন রুপসা উপজেলা সভাপতি মাওলানা ইউসুফ আলী এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ। ওলামা–সুধী সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।