গ্রীনল্যান্ড বস্তিতে ১০৫টি পানির পয়েন্ট উদ্বোধন
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তিতে কমিউনিটি পর্যায়ে ১০৫টি পানির পয়েন্ট ও পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আবু সায়েদ মোঃ মনজুর আলম, ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) ঝুমুর বালা, বোর্ড সদস্য শেখ দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর মোঃ ইমরান হোসেনসহ ওয়াসার অন্যান্য কর্মকর্তারা।
নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে খুলনা ওয়াসা এই উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে গ্রীনল্যান্ড বস্তির বাসিন্দারা লবণাক্ত শ্যালো টিউবওয়েলের পানি ব্যবহার করতেন, যা পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াত। বস্তির নারীদের প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি বহন করে আনতে হতো।
এই পরিস্থিতি মোকাবিলায় খুলনা ওয়াসা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও এবং আন্তর্জাতিক সহযোগীদের সমন্বয়ে একটি ওয়াটার অপারেটর পার্টনারশিপ (WOP) প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের মোট ব্যয় ১ কোটি ৪৩ লাখ টাকা, যার ৩০ শতাংশ অর্থায়ন করেছে খুলনা ওয়াসা এবং বাকি ৭০ শতাংশ এসেছে নেদারল্যান্ডসের WOP সহায়তায়। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে নেদারল্যান্ডসের কনসাল্টিং প্রতিষ্ঠান VEI, খুলনা ওয়াসা এবং স্থানীয় এনজিও নবলোক।
এ প্রকল্পের মাধ্যমে গ্রীনল্যান্ড বস্তির প্রায় আট হাজার নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে সুপেয় পানির সুবিধার আওতায় এসেছে। স্থাপন করা হয়েছে মিটারসহ ১০৫টি কমিউনিটি ট্যাপ এবং ৩.৮৭ কিলোমিটার সঞ্চালন লাইনসহ একটি ডিস্ট্রিক্ট মিটার এরিয়া (DMA)।
উদ্যোগটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক মর্যাদা, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতা নিশ্চিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।