কুয়েটে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে কর্মসূচি
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা এবং বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৯টায় অডিটোরিয়ামে কুয়েট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে। সকাল ১০টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ১০টা ৩০ মিনিটে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিকাল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক বনাম ছাত্রদের প্রীতি ফুটবল ম্যাচ এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বিভিন্ন অনুষদের ডীনগণ। অনুষ্ঠানসমূহের সভাপতিত্ব করবেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।