সংবাদ শিরোনাম

কুয়েটে বেগম রোকেয়া দিবস পালিত

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন   |   জেলার খবর

কুয়েটে বেগম রোকেয়া দিবস পালিত

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “বেগম রোকেয়া দিবস-২০২৫” পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রোকেয়া হল প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তাঁর জীবন, দর্শন এবং নারীমুক্তিতে অবদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, বেগম রোকেয়া ছিলেন দূরদর্শী সমাজ সংস্কারক, যিনি নারী শিক্ষার গুরুত্ব সমাজে প্রতিষ্ঠা করেন। তাঁর দেখানো পথে প্রগতিশীল সমাজ নির্মাণে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এফ.এম. আঃ রাজ্জাক, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক। সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল ওয়াকিল।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয় এবং শেষে বেগম রোকেয়ার রুহের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।