সংবাদ শিরোনাম

স্বর্ণ পাচার–মানিলন্ডারিং: বেনাপোলের ঘাট-মালিক রেজার বিরুদ্ধে চার্জশিট

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন   |   জেলার খবর

স্বর্ণ পাচার–মানিলন্ডারিং: বেনাপোলের ঘাট-মালিক রেজার বিরুদ্ধে চার্জশিট

খুলনা ব্যুরো :

ঢাকা মালিবাগ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের পরিদর্শক ছায়েদুর রহমান মানিলন্ডারিং আইনের মামলায় বেনাপোলের আলোচিত চোরাকারবারি ও ঘাট-মালিক রেজাউল ইসলাম রেজাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন। অভিযুক্ত রেজা যশোরের বেনাপোলের ছোট আচড়া গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে। চার্জশিটে তাকে পলাতক দেখানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ আগস্ট ছোট আচড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবি জনি নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৪৪ টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জনি স্বীকার করে, উদ্ধার করা স্বর্ণের মালিক বেনাপোলের ঘাট-মালিক রেজা। পরবর্তীতে এ ঘটনা তদন্ত করতে গিয়ে রেজার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের তথ্য বেরিয়ে আসে।

ঘটনার পর যশোর সিআইডির পরিদর্শক জিয়াউর রহমান ২০২৩ সালের ২৫ জুলাই মামলা দায়ের করেন।তদন্তে জানা যায়, রেজার পৈত্রিক ভিটা ছাড়া উল্লেখযোগ্য কোনো স্থায়ী সম্পদ ছিল না। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন চোরাচালান কার্যক্রমে জড়িত ছিলেন। ২০১৩ সালে পুটখালি সীমান্ত ঘাটের মালিক হওয়ার পর তিনি স্বর্ণ, গরু, বৈদেশিক মুদ্রা ও মাদকদ্রব্য পাচারের সঙ্গে গভীরভাবে যুক্ত হন। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ঘাট-মালিকের আড়ালে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলেন।

তদন্ত কর্মকর্তারা রেজার ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ পান, যা মানিলন্ডারিংয়ের পক্ষে যথেষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে রেজার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।