ফকিরহাটে আন্তর্জাতিক নারী ও বেগম রোকেয়া দিবস পালিত
খুলনা ব্যুরো :
"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফকিরহাটে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পারিবারিক, সামাজিক ও ডিজিটাল প্লাটফর্মে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সাইবার অপরাধ রোধ এবং আইনি সহায়তা প্রসারিত করতে হবে।
এদিন বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয়। সম্মানিত নারীরা হলেন বীথি রানী সরকার, শারমিন সুলতানা, জাহানুর সিদ্দিক, ছবি রানী সাহা ও নিপা বেগম। তাদের ফুল, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।