ইকোফ্লট রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা সিটি কর্পোরেশন সেমিনার হলে ৮ ডিসেম্বর সোমবার আপস যুব সংগঠনের উদ্যোগে “ইকোফ্লট রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেকহোল্ডার সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। গ্রীণ ভয়েসস্ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ইকোফ্লট এগ্রো-টেক কার্যক্রমের অগ্রগতি ও উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি–রেজিলিয়েন্স উন্নয়ন নিয়ে এই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধি, কৃষি বিশেষজ্ঞ, উন্নয়ন সংস্থা, যুব সংগঠন এবং কমিউনিটি লিডারসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন,“ইকোফ্লট প্রকল্প উপকূলীয় কৃষিকে আরও সক্ষম ও জলবায়ু-সহনশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কয়রা, বাগেরহাট ও পাইকগাছা অঞ্চলে এ উদ্যোগ টেকসই কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। আপসের যেকোনো উদ্যোগে কেসিসি পাশে থাকবে।”
সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক ড. মোঃ তৌহিদুল ইসলাম বলেন,“আপসের ভাসমান প্রযুক্তি উপকূলীয় অঞ্চলের কৃষিতে যুগান্তকারী রূপান্তর আনবে। প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তায় আমি প্রস্তুত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) এস. এম. বদিউজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং উন্নয়ন সংস্থা সী-রাক বাংলাদেশের প্রতিনিধি। তারা উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভাসমান কৃষি, লবণসহিষ্ণু ফসল, পানি ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রথম পর্বে আপস যুব সংগঠনের সভাপতি মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান সংগঠনের কার্যক্রম উপস্থাপন করেন।
পরবর্তীতে ইশতিয়াক আহমেদ ইকোফ্লট এগ্রো-টেক প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।অনুষ্ঠানে “নোনা জলে জীবন চলে” শিরোনামের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে একজন বাঘ-বিধবার জীবনসংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়। উপস্থিত অংশীজনদের মধ্যে এটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষ অংশে আপস যুব সংগঠন এবং আস্থা সেবা সংস্থা, প্রান্তজ ফাউন্ডেশন ও আরিয়ান যুব সংগঠন—এই তিন প্রতিষ্ঠানের মধ্যে অফিসিয়াল পার্টনারশিপ স্বাক্ষর হয়।
আয়োজকদের মতে, এই অংশীদারিত্বের মাধ্যমে আরও বেশি কৃষক, নারী ও যুবকে সম্পৃক্ত করে উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন ও রেজিলিয়েন্ট কমিউনিটি গড়ে তোলার কার্যক্রম আরও জোরদার হবে।