খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য নিয়ে ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সকালেই জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, দুর্নীতি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি; আত্মশুদ্ধির মাধ্যমেই এ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। নিজের ভেতর সততার চর্চা গড়ে তুলতে পারলে আইনের প্রয়োজন অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেন তিনি। তরুণদের ইতিবাচক শক্তি দুর্নীতি প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন বিভাগীয় কমিশনার।
জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন, দুদক খুলনা বিভাগের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা। স্বাগত বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় সামনের সড়কে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।