শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ
রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আদালতের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরীর খান (৪০) ওই ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের বাসিন্দা ও দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। অভিযোগ রয়েছে, স্থানীয় জামায়াত নেতার নেতৃত্বে তার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ চলছে।
প্রবাসীর চাচা বোরহান উদ্দিন বলেন, “দীর্ঘ এক যুগ আগে আমার ভাতিজা শরীর বৈধভাবে জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগদখলে রয়েছে। আজ সকাল থেকে হঠাৎ করে সাদেক কাজীর নেতৃত্বে লোকজন এসে জমি দখল করে ঘর তোলা শুরু করেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা নির্মাণ কাজ চালাচ্ছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
অভিযুক্ত সাদেক কাজী জানান, “জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তির অংশ। আমাদের চাচার কাছ থেকে আমরা জমি পেয়েছি এবং বিষয়টি পারিবারিক সমঝোতার মাধ্যমেই হয়েছে। কারো জমি জবরদখলের প্রশ্নই ওঠে না।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন কেউ কোনও ধরনের কাজ করতে পারবে না।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।