সংবাদ শিরোনাম

শ্যামনগরে তিনদিনব্যাপী পুষ্টি সচেতনতা প্রশিক্ষণ শুরু

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন   |   জেলার খবর

শ্যামনগরে তিনদিনব্যাপী পুষ্টি সচেতনতা প্রশিক্ষণ শুরু

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ফলিত পুষ্টি বিষয়ে তিনদিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হায়দার জাহান ফারাস। তিনি পুষ্টি এবং লবণাক্ততার প্রভাবসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সামসুজ্জোহা’র তত্ত্বাবধানে প্রশিক্ষণে ইমাম, পুরোহিত, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাংবাদিক, মৎস্য ও এনজিও কর্মীসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সামসুজ্জোহা এবং উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা খাদ্য, পুষ্টি, খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও নিরাপদ খাদ্য বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া মৎস্য, প্রাণীসম্পদ, কৃষি সম্প্রসারণ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রশিক্ষকগণ বিভিন্ন সেশন পরিচালনা করেন।