সংবাদ শিরোনাম

সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক অভিযানে জিম্মি ৪ জেলে, হরিণের মাংসসহ ৪ শিকারি আটক ও অস্ত্র উদ্ধার

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন   |   জেলার খবর

সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক অভিযানে জিম্মি ৪ জেলে, হরিণের মাংসসহ ৪ শিকারি আটক ও অস্ত্র উদ্ধার

খুলনা ব্যুরো :

সুন্দরবন ও বটিয়াঘাটা এলাকায় পৃথক অভিযানে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সঙ্গে হরিণের মাংস ও শিকারের ফাঁদসহ চার শিকারিকেও আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় অভিযান চালানো হয়। দুলাভাই বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছিল বলে তথ্য ছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও তাদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

এদিকে, রবিবার দিবাগত মধ্য রাত ২টার দিকে কয়রা নদীর ময়দাপেশা খাল এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এসময় ৭২ কেজি হরিণের মাংস, দুইটি মাথা, শিকারের ৩০০ মিটার ফাঁদসহ হরিণ শিকারে জড়িত চারজনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের পরিবারে ফেরত পাঠানো হয়েছে এবং জব্দ করা মাংস, ফাঁদ, অস্ত্র ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

সংস্থাটি আরও জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।